লেটেস্ট নিউজ

কলম্বোয় নিউজিল্যান্ডের জয় কি ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করবে – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা তথা বাংলার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান কি তবে হতে চলেছে? ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন নিয়ে যে ধোঁয়াশা ছিল, তার উত্তর লুকিয়ে আছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। শুক্রবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে নন্দনকাননে বিশ্বযুদ্ধের সেমিফাইনাল হবে কি না।

আইসিসির পূর্ব ঘোষণা অনুযায়ী, পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তবে তাদের ম্যাচগুলো নিরাপত্তার খাতিরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা শেষ চারে পৌঁছালেও কলম্বোতেই খেলা হবে। কিন্তু বর্তমান সমীকরণ বলছে, শুক্রবার নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর এই দুই এশিয়ান শক্তি সেমিফাইনালে না থাকলেই কপাল খুলবে ইডেনের।

গ্রুপ ‘টু’ থেকে ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের জায়গা পাকা করে ফেলেছে। কিউয়িরা যদি দ্বিতীয় দল হিসেবে সেমিতে যায়, তবে আইসিসির নিয়ম অনুযায়ী ৪ মার্চ ইডেন গার্ডেন্সেই আয়োজিত হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। এমনকি রান রেটের জটিল অংকেও নিউজিল্যান্ড সুবিধাজনক অবস্থানে রয়েছে। যদি ইংল্যান্ড জেতে এবং পরের ম্যাচে শ্রীলঙ্কা হারিয়ে দেয় পাকিস্তানকে, তাহলেও ইডেনে সেমিফাইনাল হওয়ার পথ প্রশস্ত হবে।

সব মিলিয়ে কলকাতার নজর এখন সুদূর কলম্বোয়। কিউয়িদের জয় মানেই তিলোত্তমায় ফিরছে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল। ভারত এই মাঠে সেমিফাইনাল খেলবে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও ইডেনের ভাগ্যে যে একটি বড় ম্যাচ জুটতে চলেছে, তার সম্ভাবনা এখন প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *