কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কি পাক বধ করে সুপার এইটে যাবে ভারত? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান বলছে, এই মাঠে ভারতের রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়। ২০০৯ সাল থেকে শ্রীলঙ্কার মাটিতে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। এমনকি প্রেমদাসা স্টেডিয়ামে খেলা ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই জয় এসেছে ভারতের ঝুলিতে। এই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত ভারতীয় দল।
মাঠের লড়াইয়ের আগে শুরু হয়েছে টস ভাগ্য নিয়ে জল্পনা। চলতি বিশ্বকাপে এই পিচে প্রথমে ফিল্ডিং করা দলগুলো পরাজিত হওয়ায় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওডিআই ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট প্রশ্নাতীত। রবিবারের এই মহারণে জয় পেলে গ্রুপ শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করবে ভারত। ২২ গজের এই মহাযুদ্ধে ব্যবধান বাড়াতে মরিয়া নীল জার্সিধারীরা।

