কলেজ ছাত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়, প্রতিবেশী যুবকের সাজানো আত্মহত্যার নাটক ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের নাগপুরে ২৩ বছর বয়সী কলেজ ছাত্রী প্রাচীর রহস্যমৃত্যুর ঘটনায় প্রতিবেশী যুবক শেখর থোরেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পেরেছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। এরপরই ৩৮ বছর বয়সী প্রতিবেশী শেখরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে ঠান্ডা মাথার খুনের রোমহর্ষক কাহিনী।
তদন্তে জানা গেছে, দীর্ঘ দিন ধরে প্রাচীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত শেখর। ঘটনার দিন প্রাচী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে সে ঘরে ঢোকে এবং ফের বিয়ের প্রস্তাব দেয়। প্রাচী তা প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা। রাগের মাথায় শেখর প্রাচীর গলা টিপে ধরে এবং তার মাথা বারবার দেওয়ালে ঠুকে দেয়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মৃতদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে চম্পট দেয় ঘাতক প্রতিবেশী। বর্তমানে অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে।

