লেটেস্ট নিউজ

কাঁপছিল হাত আর চোখে ছিল ভয়! ৭ বছর আগের সেই শ্যুটিং সেটই কি বিজয়-রাশমিকার বিয়ের ভবিষ্যৎ লিখেছিল – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণী সিনেমার জগতের সবথেকে চর্চিত জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রাশমিকা মান্দানা অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। রাজস্থানের উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি এক রাজকীয় অথচ ঘরোয়া অনুষ্ঠানে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা দম্পতি। কিন্তু এই রূপকথার মতো বিয়ের নেপথ্যে লুকিয়ে আছে সাত বছর আগের এক অদ্ভুত গল্প।

শ্যুটিং সেটের সেই কাঁপুনী আজ বাস্তব

ঘটনাটি ২০১৮ সালের। ব্লকবাস্টার সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর শ্যুটিং চলছিল। ছবির জনপ্রিয় গান ‘বাচিন্দাম্মা’-র একটি দৃশ্যে রাশমিকার গলায় মঙ্গলসূত্র পরানোর কথা ছিল বিজয়ের। সেই অভিজ্ঞতার কথা মনে করে বিজয় একবার জানিয়েছিলেন, শ্যুটিংয়ের সময় তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। তিনটি গিঁট বাঁধার সময় রীতিমতো হাত কাঁপছিল তাঁর। যদিও সেটা অভিনয় ছিল, কিন্তু কনের সাজে রাশমিকাকে দেখে বিজয়ের মনে হয়েছিল সবটাই যেন সত্যি। মজার ছলে রাশমিকাকে সেদিন তিনি বলেছিলেন যে বিষয়সা তাঁর কাছে খুব অদ্ভুত লাগছে। অথচ আজ সেই পর্দার অভিনয়ই তাঁদের জীবনের শ্রেষ্ঠ সত্য হয়ে ধরা দিল।

বন্ধুত্ব থেকে পরিণয়

দীর্ঘদিনের বন্ধুত্ব এবং প্রেমের গুঞ্জনের পর গত বছর অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরে বাগদান সেরেছিলেন এই জুটি। আর ২০২৬-এর বসন্তে চার হাত এক হলো তাঁদের। বিয়ের পর আবেগঘন পোস্ট করেছেন দুজনেই। রাশমিকা লিখেছেন, “আমার স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিই। এই মানুষটাই আমাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে।” অন্যদিকে বিজয় তাঁর পোস্টে লিখেছেন, “নিজের সবথেকে প্রিয় বন্ধুকেই আজ জীবনসঙ্গিনী করে নিলাম।”

বিজয় আরও জানিয়েছেন, একটি বিশেষ মুহূর্তে তিনি অনুভব করেছিলেন যে রাশমিকাকে ছাড়া তাঁর জীবন আসাম্পূর্ণ। সেই উপলব্ধি থেকেই বিয়ের সিদ্ধান্ত। সাত বছর আগে যে রীতি পালন করতে গিয়ে বিজয় থমকে গিয়েছিলেন, আজ সেই মঙ্গলসূত্রই তাঁদের চিরবন্ধনে আবদ্ধ করল। উদয়পুরের এই জমকালো বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ বিনোদন জগতের ঘনিষ্ঠ তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *