লেটেস্ট নিউজ

কাজে গাফিলতি দিলেই শাস্তির খাঁড়া! নেতাদের কড়া বার্তা তৃণমূল হাইকম্যান্ডের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে কোনো আপস করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে এবার ‘পারফর্ম’ না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন শীর্ষ নেতৃত্ব। সংসদ সদস্য, বিধায়ক থেকে শুরু করে দলের বড় পদাধিকারী—কারোরই আর ‘গা ছাড়া’ মনোভাব বরদাস্ত করা হবে না।

তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই বিশেষ নজরদারি চালাচ্ছেন নেতাদের গতিবিধির ওপর। দলীয় পরামর্শদাতা সংস্থা আইপ্যাক প্রতিমুহূর্তে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করছে। নেতাদের যে নির্দিষ্ট ‘হোম টাস্ক’ দেওয়া হয়েছিল, তা ঠিকমতো পালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিদিন।

রাজ্য স্তরের এক নেতা জানিয়েছেন, কিছু জনপ্রতিনিধির মধ্যে এমন ধারণা জন্মেছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর মাঠে নামলেই কেল্লাফতে হবে। কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, আগামী তিন-চার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা থেকে কলকাতা—যে সব নেতা দায়িত্বে থেকে ফাঁকি দিচ্ছেন, তাঁদের নাম ইতিমধ্যে কালো তালিকায় উঠতে শুরু করেছে। এমনকি বিধানসভা ভিত্তিক ‘ওয়ার রুম’ থেকেও নিয়মিত রিপোর্ট জমা পড়ছে রাজ্য সদর দফতরে।

এক কথায়, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না শাসক দল। যাঁরা দলের প্রতি দায়বদ্ধ থেকে জানপ্রাণ লড়িয়ে কাজ করবেন না, আসন্ন দিনে তাঁদের বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে বলে তীব্র ইঙ্গিত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *