কানে ময়লা জমেছে? কীভাবে পরিষ্কার করবেন? সাবধান! – এবেলা
এবেলা ডেস্কঃ
কানে ময়লা জমলে আমরা সাধারণত আঙুল বা কটন বাড দিয়ে তা বের করার চেষ্টা করি। কিন্তু এই পদ্ধতি কি আদেও সঠিক? এভাবে কি সত্যিই কান পরিষ্কার হয়?
কানে কেন ময়লা জমে এবং তা পরিষ্কার করার সঠিক উপায় কী? এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত জেনে নেওয়া যাক।
দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের ইএনটি (ENT) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রবি মেহর জানান, কানে যে আঠালো পদার্থ জমে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইয়ার ওয়াক্স’ (Ear Wax) বলা হয়। সাধারণ মানুষ একে নোংরা মনে করলেও এটি আসলে কানের একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর। এটি ধুলোবালি থেকে শুরু করে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কানের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। তবে যদি এই ওয়াক্স অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, তবে তা চিন্তার বিষয় হতে পারে। সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
রাস্তাঘাটে কান পরিষ্কার করানো কি নিরাপদ?
ডাঃ রবির মতে, যারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে কান পরিষ্কার করে, তাদের কাছে কখনোই যাওয়া উচিত নয়। কারণ তারা কোনো পেশাদার চিকিৎসক নন। তারা কান পরিষ্কারের জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করেন সেগুলি জীবাণুমুক্ত বা ‘স্টারলাইজড’ থাকে না। অসাবধানতাবশত এই যন্ত্রগুলো কানের ভেতরে ঢুকে গেলে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। এমনকি এর ফলে কানে সংক্রমণ বা পুঁজ হওয়ার ঝুঁকিও থাকে। তাই ভুলেও এদের দিয়ে কান পরিষ্কার করাবেন না; এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি।
চিকিৎসক আরও জানান, কানের যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। ইএনটি বিশেষজ্ঞরা মাইক্রোস্কোপ এবং বিশেষ সরঞ্জামের সাহায্যে অত্যন্ত নিরাপদে ইয়ার ওয়াক্স বের করে আনেন। প্রয়োজনে তারা কিছু বিশেষ ওষুধ বা ইয়ার ড্রপ দিতে পারেন, যা ব্যবহার করলে সহজেই ময়লা বেরিয়ে আসে।
কান কি নিজে নিজেই পরিষ্কার হয়?
ডাঃ রবি বলেন, কানে যদি সামান্য ময়লা থাকে তবে তা প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কানে আঙুল বা দেশলাই কাঠি ব্যবহার করলে সেই ময়লা আরও ভেতরে চলে যায়। তাই এই ধরনের জিনিস ব্যবহার করা একদম অনুচিত।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?
- কানে তীব্র ব্যথা হলে
- কান দিয়ে জল বা তরল পদার্থ বের হলে
- হঠাৎ শুনতে সমস্যা হলে বা শ্রবণশক্তি কমে গেলে
- কানের সমস্যার সাথে তীব্র মাথাব্যথা থাকলে

