লেটেস্ট নিউজ

কান্দিতে জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ হামলায় জখম একই পরিবারের ৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া গ্রামে সামান্য জমি নিয়ে বিবাদের জেরে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শনিবার সকালে আজান শেখ ও তহিদুল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চরম আকার ধারণ করলে এই সংঘর্ষ ঘটে। হামলায় তহিদুল শেখের পরিবারের নারীসহ মোট ছয়জন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত পরিবারের দাবি, জমি সংক্রান্ত সমস্যার জেরে আজান শেখ দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র, কোদাল ও লোহার রড দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, তহিদুল শেখের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে বাড়ির ভেতরে ঢুকে সদস্যদের ব্যাপক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে দু’জনকে আটক করেছে এবং একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই গ্রামে শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বিবাদমান জমিটি নিয়ে কয়েকমাস ধরেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *