লেটেস্ট নিউজ

কাবুলে পাক বিমান হামলায় ধ্বংস হাসপাতাল, নিহত ৪০০ ছাড়ানোর আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাত সাড়ে নয়টার দিকে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও হাসপাতাল ভস্মীভূত হয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এই হামলায় অন্তত ৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৫০ জনের বেশি। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন, হামলায় পুরো হাসপাতাল ভবনটি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দমকলকর্মীদের জ্বলন্ত ধ্বংসস্তূপ নেভানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে। উল্লেখ্য, দুই প্রতিবেশী দেশের সীমান্তে চলা তিন সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

অন্যদিকে, পাকিস্তান সরকার এই হামলার দায় অস্বীকার করে বেসামরিক স্থাপনায় আঘাত হানার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, তাদের অভিযান কেবল কাবুল ও নানগারহারের সন্ত্রাসীদের সামরিক ঘাঁটি ও গোলাবারুদ ডিপো লক্ষ্য করে চালানো হয়েছিল। পাকিস্তান স্পষ্ট করেছে যে, নিরপরাধ নাগরিকদের ক্ষতি এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে এই লক্ষ্যবস্তুগুলো নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *