লেটেস্ট নিউজ

কাবুলে হাসপাতালে ভয়াবহ পাক বিমান হামলা, মৃত বেড়ে ৪০০ – এবেলা

এবেলা ডেস্কঃ

কাবুলের ওমিদ আসক্তি নিরাময় কেন্দ্রে সোমবার রাত ৯টা নাগাদ ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ২ হাজার শয্যাবিশিষ্ট এই রিহ্যাব হাসপাতালে অতর্কিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, এই ঘটনায় অন্তত ২৫০ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানের তালিবান প্রশাসন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের সংশ্লিষ্টতাকে দায়ী করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বিশাল এলাকা জুড়ে দাউদাউ করে আগুন জ্বলছে এবং চারদিকে ধ্বংসযজ্ঞের চিহ্ন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২০০ বলা হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বৃদ্ধি পায়। এই ঘটনাকে কেন্দ্র করে কাবুল জুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি এই দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনো অসামরিক এলাকা বা সাধারণ লোকালয় লক্ষ্য করে কোনো ধরনের সামরিক অভিযান চালায়নি। বর্তমানে দুই দেশের মধ্যে এই হামলার দায় ও পাল্টা অভিযোগ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *