কালচিনিতে পথ দুর্ঘটনায় ৪ মহিলা শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র এশিয়ান হাইওয়ে – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202612:12 pm
শুক্রবার সকালে আলিপুরদুয়ারের হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার মহিলা চা শ্রমিক। মৃতরা হলেন পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মন্ডা। তাঁরা কালচিনি ব্লকের ভারনাবাড়ি চা বাগান থেকে পাশের বাগানে কাজে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়।
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক আরও তিনজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় বর্তমানে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

