কালবৈশাখীর তাণ্ডবে মাঝআকাশে বিপত্তি! কলকাতায় অবতরণের আগে রুদ্ধশ্বাস ৫৫ মিনিট শাহের বিমানে – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী প্রচারে কলকাতায় এসে কালবৈশাখীর কবলে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁর বিমানটি অবতরণ করতে না পেরে প্রায় ৫৫ মিনিট আকাশেই চক্কর কাটে। রাত ১১টা ৪০ মিনিটে অবতরণের কথা থাকলেও, প্রতিকূল পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিটে বিএসএফ-এর পরিবর্তে একটি বেসরকারি ছোট বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে নামতে সক্ষম হয়। মাঝআকাশে থাকাকালীন বিমানটি কৃষ্ণনগরের দিক থেকেও ঘুরে আসে বলে জানা গেছে।
বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটিও একই রকম দুর্যোগের মুখে পড়েছিল। খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমানটিকেও দীর্ঘক্ষণ রানাঘাট, সোনারপুর ও বেহালার আকাশে চক্কর কাটতে হয়েছিল। দুই হেভিওয়েট নেতার ক্ষেত্রেই পাইলটদের দক্ষতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতায় অমিত শাহের একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ ও সাংবাদিক বৈঠক অন্যতম। বিকেলেই তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের এই ধারাবাহিকতা বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

