কালিয়াচকের ঘটনায় অমিত শাহের পদত্যাগ দাবি মমতার, বিস্ফোরক অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

কালিয়াচকের ঘটনায় অমিত শাহের পদত্যাগ দাবি মমতার, বিস্ফোরক অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও এবং তাঁদের গাড়িতে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জনসভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই গোটা ঘটনাটি অমিত শাহের সুপরিকল্পিত চক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিকভাবে বাংলা দখল করতে না পেরে বিজেপি এখন প্ররোচনার মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছে। এমনকি নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ বলেও তিনি তোপ দাগেন।

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, হায়দরাবাদ থেকে নেতা এনে এবং বিজেপি টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্ররোচিত করছে। তাঁর নিশানায় ছিল এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসিও। মমতার দাবি, বিহারের মতো বাংলাতেও ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই এই চক্রান্ত শুরু হয়েছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, কোনো প্ররোচনায় পা দেবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। তাঁর আশঙ্কা, অশান্তি হলে কেন্দ্রীয় সংস্থা সিবিআই বা এনআইএ-কে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা হতে পারে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা তাঁর হাতে নেই, অথচ কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজ্যবাসীর কাছে তাঁর বিশেষ আবেদন, শান্তি বজায় রাখুন এবং নিজেদের ভোটাধিকার রক্ষা করুন। বিশেষ করে মালদহের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “কারও কথায় উত্তেজিত হবেন না, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার হতে দেব না।” ঘরের ভেতরে থাকা ‘গদ্দারদের’ থেকেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *