কালীঘাটে হামলার হুমকি: দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ চড়ল বাংলায়। জনসভা ও ভিডিও বার্তায় প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে অশান্তি ছড়ানোর অভিযোগে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং ভোটারদের প্রভাবিত করার একটি পরিকল্পিত চেষ্টা।
তৃণমূলের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দিলীপ ঘোষ বিধায়ক শশী পাঁজা ও মদন মিত্রের বাসভবনসহ কালীঘাট ও চেতলা এলাকায় হামলার প্ররোচনা দিয়েছেন। বিজেপি কর্মীদের দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের ‘শায়েস্তা’ করার হুঁশিয়ারি দিয়ে তিনি জনমানসে ভীতি প্রদর্শন করছেন বলেও দাবি করা হয়েছে। এই প্রেক্ষিতে বিতর্কিত ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর আবেদন জানিয়েছে ঘাসফুল শিবির।
অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের এবং শোকজ নোটিস পাঠানোর দাবি জানিয়েছে তৃণমূল। একইসঙ্গে সংশ্লিষ্ট বিধায়কদের নিরাপত্তা জোরদার করার আর্জি জানানো হয়েছে। রাজ্যে আসন্ন নির্বাচনের মুখে এই অভিযোগকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে, যার ওপর কড়া নজর রাখছে রাজনৈতিক মহল।

