কাশ্মীরের মানবিক সহায়তায় ভারতকে ধন্যবাদ জানিয়েও পোস্ট মুছল ইরানি দূতাবাস – এবেলা
এবেলা ডেস্কঃ
যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ। বডগামের বাসিন্দারা নগদ অর্থ ও অলঙ্কার দিয়ে তেহরানকে সাহায্য করেছেন, যার কৃতজ্ঞতাস্বরূপ নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ভারতকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে। তবে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে সেটি মুছে ফেলে দূতাবাস কর্তৃপক্ষ।
সূত্রের খবর, কাশ্মীরের স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে কিছু পাকিস্তানি নাগরিক দূতাবাসের পোস্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন। কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মানতে অস্বীকার করে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালায়। পরিস্থিতি জটিল হওয়া এড়াতেই শেষ পর্যন্ত দূতাবাস সেই পোস্ট এবং ছবিগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক থাকলেও কাশ্মীর ইস্যুটি বরাবরই দু’দেশের সম্পর্কে একটি সংবেদনশীল জায়গা। অতীতে ইরানের সর্বোচ্চ নেতা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক সংকটে কাশ্মীরের মানুষের এই অকৃপণ সাহায্য দুই দেশের সম্পর্কের গভীরতা প্রমাণ করলেও, অনলাইন বিতর্কের জেরে দূতাবাসের এই পদক্ষেপ নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

