কাশ্মীরে যৌথ বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে খতম ২ জইশ জঙ্গি – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গির মৃত্যু হয়েছে। রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী এই বিশেষ অভিযান চালায়। গোপন সূত্রে জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেললে লড়াই শুরু হয়।
পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরে লুকিয়ে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালাতে থাকে। পালটা জবাবে যৌথ বাহিনীর গুলিতে দুই পাক মদতপুষ্ট জঙ্গি খতম হয়। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে, দেশজুড়ে বড়সড় নাশকতার ছক বানচাল করে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে যারা জাল নথি ব্যবহার করে গা-ঢাকা দিয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সামগ্রিক পরিস্থিতিতে উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

