লেটেস্ট নিউজ

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ড্রোন হানা ৮ কোটির হেরোইন উদ্ধার করে বড়সড় পাচার চক্র ফাঁস করল নিরাপত্তা বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বাহাদুরপুরা গ্রামে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোনের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা রুখে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবার গভীর রাতে স্থানীয় এক বাসিন্দার তৎপরতায় এবং সুরক্ষা কর্মীদের অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় ১.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক মূল্য ৮ কোটি টাকারও বেশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাঠের মধ্যে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে দ্রুত প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে খবর দেন এক গ্রামবাসী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সুরক্ষা বাহিনী এবং ব্যাগটি তল্লাশি করে দেড় কেজির বেশি মাদক উদ্ধার করে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তানি ড্রোন ভারতীয় আকাশসীমায় ঢুকে এই মাদকের প্যাকেটটি ফেলে দিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে সীমান্তে ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিএসএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে। এই ঘটনায় ইতিমিধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক এই মাদক পাচার চক্রের সঙ্গে ভারতের দিকের কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পাচার রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *