‘কাশ্মীর হবে পাকিস্তানের অংশ’, শাহবাজ শরিফ ফের দেখলেন দুঃস্বপ্ন; জানুন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফের একবার অবাস্তব স্বপ্ন দেখতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে উত্তেজনা আরও উসকে দিয়ে তিনি দাবি করেন, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে।
পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) এক জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহবাজ বলেন, “পাকিস্তান কাশ্মীরিদের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং জম্মু-কাশ্মীর বিবাদের সমাধান কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত।”
‘ইউএনএসসি-র মাধ্যমেই হবে কাশ্মীর সমস্যার সমাধান’
তিনি আরও বলেন, “রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রস্তাবগুলো কার্যকর করার মাধ্যমেই জম্মু-কাশ্মীর বিবাদের সমাধান সম্ভব। আমি পাকিস্তানের জনগণ এবং নেতৃত্বের পক্ষ থেকে কাশ্মীরি ভাইদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহ এই অঞ্চলটিকে পাকিস্তানের ‘লাইফ লাইন’ হিসেবে অভিহিত করেছিলেন।”
শাহবাজের স্মৃতিতে ‘অপারেশন সিন্দুর’
শাহবাজ ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চার দিনের সামরিক সংঘাতের কথাও স্মরণ করেন। তিনি দাবি করেন, এই লড়াইয়ের পর কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক মহলে ফের নতুন শক্তি নিয়ে উত্থাপিত হয়েছে।
কড়া জবাব ভারতের
ভারত পাকিস্তানের এই দাবিকে বরাবরই নস্যাৎ করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে।

