কিউবাকে তেল দিলেই কড়া মাসুল, হুঁশিয়ারি ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
কিউবার ওপর এবার বড়সড় চাপ সৃষ্টি করতে চলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে কিউবাকে তেল সরবরাহকারী যেকোনো দেশ বা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি বা পরোক্ষ—যেকোনোভাবেই কিউবাকে তেল বিক্রি করলে সংশ্লিষ্ট দেশের রপ্তানি পণ্যের ওপর মার্কিন সরকার চড়া হারে মাসুল বসাবে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই আদেশে ট্রাম্প প্রশাসন কিউবা সরকারকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এক ‘অসাধারণ হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে। মূলত হাভানার ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তাদের কোণঠাসা করতেই ট্রাম্পের এই কড়া চাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

