লেটেস্ট নিউজ

কুমোরটুলির শোলার বাসন্তী প্রতিমা এবার সাতসমুদ্র পাড়ে, নিউ জার্সি ও ব্রিটেনে জয়জয়কার – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার ঐতিহ্যবাহী শোলার শিল্পের মুকুটে নয়া পালক। এই প্রথমবার কলকাতার কুমোরটুলি থেকে দু’টি বাসন্তী প্রতিমা বিমানে চেপে পাড়ি দিল সুদূর নিউ জার্সি ও ব্রিটেনে। প্রখ্যাত শিল্পী শম্ভুনাথ মালাকার ও তাঁর ছেলের নিপুণ হাতে তৈরি এই শোলার প্রতিমাগুলি দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে বিদেশের বায়না অনুযায়ী নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর শৈল্পিক কারুকার্য দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শনার্থী ও আর্ট কলেজের পড়ুয়ারা।

শুধুমাত্র শোলা নয়, এবার পটুয়াপাড়া থেকে ফাইবার ও একচালার বাসন্তী প্রতিমার চাহিদাও ছিল তুঙ্গে। শিল্পী রাজা পালের তৈরি ফাইবারের একটি বড় প্রতিমা সহ মোট চারটি মূর্তি ওড়িশা, মুম্বই এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে ফাইবারের এই বিশেষ মূর্তিগুলি তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট শিল্পীরা। কাঠের বাক্সে বিচালি ও থার্মোকলের স্তরে সুরক্ষিত করেই এই প্রতিমাগুলি গন্তব্যে পাঠানো হয়েছে।

কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসন্তী প্রতিমার বিদেশে পাড়ি দেওয়ার এই ঘটনা এক অনন্য নজির সৃষ্টি করল। আগে এই প্রতিমার দেশের বাইরে যাওয়ার বিশেষ চল না থাকলেও, বর্তমানের এই রেকর্ড ভাঙা সাফল্যে খুশি শিল্পী মহল। শিল্পীদের মতে, এর ফলে যেমন কুমোরটুলির বিশ্বজোড়া খ্যাতি আরও বৃদ্ধি পাচ্ছে, তেমনই এই শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, শিল্পীদের হাতের জাদুতে তৈরি এই প্রতিমাগুলো সত্যিই জীবন্ত ও দৃষ্টিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *