কুয়াশা নাকি বিষাক্ত ধোঁয়াশা ভিক্টোরিয়াকে ঘিরে ঘনীভূত আতঙ্কে তিলোত্তমা – এবেলা
এবেলা ডেস্কঃ
শীতের ভোরে ঘন কুয়াশা ও দূষণের চাদরে ঢাকা পড়ছে কলকাতা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার বায়ুমান সূচক বা একিউআই ২৭৭-এ পৌঁছেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এমনকি ডিসেম্বরের মাঝপথে এই মাত্রা ৩০০ ছাড়িয়ে ‘অতি খারাপ’ পর্যায়ে চলে গিয়েছিল। শহরের আকাশ মেঘমুক্ত থাকলেও ধূলিকণার দাপটে ভিক্টোরিয়া ও দ্য ফরটি টু-এর মতো বহুতলগুলি ঝাপসা হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া এবং যানবাহনের ধোঁয়ার সংমিশ্রণে শহরের বাতাসে দূষিত কণার পরিমাণ বিপজ্জনকভাবে বাড়ছে। ময়দান ও পার্শ্ববর্তী ব্যস্ত এলাকায় মানুষের ভিড় এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কলকাতার বর্তমান বাতাসের মান দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। প্রতিদিন এই দূষণ বাড়তে থাকায় শহরবাসীর স্বাস্থ্য নিয়ে বড়সড় আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে।

