কুয়োয় দুই মেয়েকে ছুড়ে ফেলে ‘খুন’! ২৪ ঘণ্টা পর মায়েরও আত্মহত্যা—ওড়িশায় চাঞ্চল্যকর রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশার সম্বলপুর জেলায় নিজের দুই নাবালিকা সন্তানকে কুয়োর জলে ফেলে হত্যার পর আত্মঘাতী হলেন মা। মৃত মহিলার নাম সঞ্জু মাডকি, যিনি মাহুলিপালি থানার সারগিডিহি গ্রামের বাসিন্দা। গত শুক্রবার দুই কন্যাকে হত্যার অভিযোগ ওঠার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশি তদন্তে জানা গেছে, দুই সন্তানকে খুনের পর গ্রাম ছেড়ে পালিয়েছিলেন সঞ্জু। পরে পার্শ্ববর্তী একটি গ্রামের খালের ধার থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সন্তানদের মৃত্যুর পর অনুশোচনা বা গ্রেপ্তারির ভয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
সম্বলপুর জেলা পুলিশ বর্তমানে এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে থাকা কারণগুলো খতিয়ে দেখছে। দুই নাবালিকার মৃত্যুর পাশাপাশি মহিলার আত্মহত্যার ঘটনায় অন্য কোনো পারিবারিক বিবাদ বা মানসিক কারণ জড়িত কি না, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

