কুলটিতে মাকে গুলি করে আত্মঘাতী ছেলে, চাঞ্চল্য আসানসোলে
আসানসোলের কুলটিতে পারিবারিক বিবাদের জেরে জন্মদাত্রী মাকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী। পেশায় একটি বেসরকারি কারখানার গানম্যান রাজা বৃহস্পতিবার আচমকাই তার মাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে নিজেও আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার সময় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই পরিবারে অশান্তি চলছিল। বিবাদের কারণে রাজার বাবা ঘটনার সময় মেয়ের বাড়িতে ছিলেন। খবর পেয়ে তিনি ও অন্যান্য আত্মীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতা থেকেই এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে।
পুলিশ ইতিমত্যেই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যে ব্যক্তির সঙ্গে সন্ধ্যাদেবীর আগে ঝামেলা হয়েছিল, তার খোঁজ চালানো হচ্ছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ খতিয়ে দেখছে রাজার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বৈধ ছিল কি না এবং ঘটনার পেছনে অন্য কোনো প্ররোচনা রয়েছে কি না।

