কুলতলিতে চোর অপবাদে নাবালককে পৈশাচিক মারধর, থানায় অভিযোগ দায়ের পরিবারের
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে চুরির অপবাদে এক ১৬ বছর বয়সী নাবালককে বেধড়ক মারধর ও চরম হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কুলতলির কেল্লা এলাকার অম্বিকানগর বাজারে এই অমানবিক ঘটনাটি ঘটে। বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে ওই নাবালক স্থানীয় কিছু ব্যক্তির রোষের মুখে পড়ে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, উত্তেজিত জনতা ওই নাবালকের হাত-পা বেঁধে বেল্ট দিয়ে ক্রমাগত আঘাত করে। এখানেই শেষ নয়, মারতে মারতে তাকে স্থানীয় একটি মাঠে ছোটানো হয় বলেও জানা গেছে। এই পৈশাচিক অত্যাচারের দৃশ্য ভিডিও করে রিল বানিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত নাবালকের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভিডিওটির সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। নাবালকের ওপর এমন বর্বরোচিত আক্রমণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
