লেটেস্ট নিউজ

কুলপিতে অভিষেকের হুংকার: দক্ষিণ ২৪ পরগনাই করবে বিজেপির দফারফা – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল প্রার্থী বর্ণালি ধাড়ার সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলাকে তৃণমূলের ‘দুর্জয় ঘাঁটি’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, শেষ দফার নির্বাচনে এখানকার মানুষই বিজেপির পরাজয় নিশ্চিত করবে। তিনি সাফ জানান, বহিরাগত শক্তিকে রুখে দিয়ে এই জেলা বরাবরই ঘাসফুল শিবিরের হাত শক্ত করেছে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।

বিগত নির্বাচনে কুলপি কেন্দ্রে তৃণমূল বড় ব্যবধানে জিতলেও কয়েকটি গ্রাম পঞ্চায়েতে দল পিছিয়ে ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভিষেক এবার দলীয় কর্মীদের ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট করেন, পিছিয়ে থাকা অঞ্চলগুলোতেও এবার জয় ছিনিয়ে আনতে হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আসামাপ্ত কাজগুলো সম্পন্ন করতে তৃণমূলকে চতুর্থবারের জন্য সরকারে আনার আহ্বান জানান তিনি।

এদিনের সভায় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং বাংলার বাড়ির মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্যের খতিয়ান তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। একইসঙ্গে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করে তিনি ভোটারদের সতর্ক করেন। তীব্র রোদ উপেক্ষা করে সভায় উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *