লেটেস্ট নিউজ

কূটনৈতিক সাফল্যে খুলল হরমুজ প্রণালী, জ্বালানি সংকটে স্বস্তিতে ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের আবহে ভারতের জন্য বড়সড় কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। দীর্ঘ আলোচনার পর হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইজরায়েল, আমেরিকা ও ইউরোপের জাহাজগুলির ওপর নিষেধাজ্ঞা বজায় থাকলেও, মোদি সরকারের ‘ব্যাক চ্যানেল’ কূটনীতির ফলে ভারত এই বিশেষ ছাড় পেল। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের মধ্যে ভারতের জন্য স্বস্তির পথ প্রশস্ত হলো।

সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির মধ্যে কয়েক দফা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ভারত মহাসাগরে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের নিরপেক্ষ অবস্থান ও কৌশলগত যোগাযোগ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্য়েই ‘পুষ্পক’ ও ‘পরিমল’ নামক দুটি পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ফোর্সের কড়া নজরদারির মধ্যেই ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচলের এই মৌখিক অনুমতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেল বাণিজ্য যখন কার্যত স্থবির, তখন রাশিয়া ও চিনের পাশাপাশি ভারতের এই বিশেষ সুবিধা প্রাপ্তি আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকেই প্রতিফলিত করছে। দ্রুত এই সমস্যা মিটলে অভ্যন্তরীণ বাজারেও তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *