বিনোদন

কৃষ্ণসার হরিণ শিকার মামলা: রাজস্থান হাইকোর্টে বেঞ্চ পরিবর্তনের নির্দেশ, বাড়ল আইনি জটিলতা

যোধপুরের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আইনি জটিলতা আরও ঘনীভূত হলো। ২৬ বছরের পুরোনো এই মামলায় দায়ের করা আপিল শুনানিতে রাজস্থান হাইকোর্টের বিচারপতি বলজিন্দর সিং সান্ধুর বেঞ্চ অনীহা প্রকাশ করেছে। ফলে শুনানি স্থগিত রেখে মামলাটি পুনরায় নতুন কোনো বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রধান বিচারপতি নির্ধারণ করবেন কোন বেঞ্চে এই বহুচর্চিত মামলার পরবর্তী শুনানি হবে।

১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবরের মধ্যরাতে হরিণ শিকারের অভিযোগে বলিউড অভিনেতা সালমান খানসহ সাইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়। নিম্ন আদালত সালমানকে সাজা দিলেও বাকিদের খালাস দেয়। পরবর্তীকালে অভিনেতা নিজের সাজাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন। অন্যদিকে, বাকি তারকাদের খালাসের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে পালটা আপিল করা হয়েছে।

আইনজীবী মহিপাল বিষ্ণোই জানিয়েছেন, নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই। ২০২২ সাল থেকে উচ্চ আদালতে বিচারাধীন এই মামলার ভবিষ্যৎ এখন প্রধান বিচারপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বেঞ্চ পরিবর্তনের এই সিদ্ধান্তে শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল, যা সালমান খানসহ সংশ্লিষ্ট অন্যান্য তারকাদের অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *