লেটেস্ট নিউজ

কেতুগ্রাম ব্লক হাসপাতাল আবাসনে ছাদের চাঙড় ভেঙে ৪ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক হাসপাতালের কর্মী আবাসনের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হলো এক চার মাস বয়সী শিশুকন্যার। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। মৃত শিশুটি ওই স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট শানু বেসরা ও স্বাস্থ্যকর্মী শিবানী সোরেনের সন্তান। ঘটনার সময় শিশুটি ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল, তখনই আচমকা জরাজীর্ণ ছাদের একটি বড় অংশ তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য সরাসরি প্রশাসনিক গাফিলতি ও উদাসীনতাকে দায়ী করেছেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই আবাসনের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছিল এবং ঘরগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। বারবার কর্তৃপক্ষকে মেরামতের জন্য জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মা শিবানী সোরেনের আক্ষেপ, স্বাস্থ্যকর্মী হয়েও তারা নিজেদের আবাসনে নিরাপদ ছিলেন না, যার চরম মূল্য দিতে হলো তাদের একরত্তি সন্তানকে।

দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসন। বিএমওএইচের কাছ থেকে দ্রুত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জরাজীর্ণ আবাসনটি সংস্কারের আশ্বাস দিয়ে প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে কড়া নজর রাখা হবে। তবে প্রশাসনের এই বিলম্বিত তৎপরতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *