লেটেস্ট নিউজ

কেন দেড় বছরেও আসাম্পূর্ণ পথশ্রী প্রকল্প? চকদিঘীতে দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমান: ঢাকঢোল পিটিয়ে শিলান্যাস হলেও দেড় বছর ধরে থমকে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ। জামালপুর ব্লকের চকদিঘী এলাকায় রামচন্দ্রপুর থেকে রগের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এখন এলাকাবাসীর যন্ত্রণার কারণ। ৩৯ লক্ষ টাকার বেশি বরাদ্দ হওয়া সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় প্রকল্পের বোর্ড এখন কেবলই উপহাসের বস্তু।

বোর্ডে ২০২৪ সালের জুলাইয়ে কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে মাটি পড়েনি বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, মাঝে মাঝে ঠিকাদার পাথর ও পিচের ড্রাম আনলেও তা পরে সরিয়ে নেওয়া হয়। বিশেষ করে বর্ষায় চলাচলের অযোগ্য এই রাস্তায় নিত্যদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শেখ কুরবান আলী বা সোনালী মালিকদের মতো কয়েক হাজার মানুষ।

এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক তরজা। জামালপুরের বিডিও পার্থসারথী দে দাবি করেছেন ৯০০ মিটার কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু সেই তথ্য সরাসরি খারিজ করেছেন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌরসুন্দর মণ্ডল। এদিকে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। জেলা নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, কয়লা বা বালির মতো পথশ্রীর টাকাও লুটে নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। সব মিলিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবের এই ফারাক নিয়ে জামালপুরে এখন চরম উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *