কেরলে নবীন ভোটারদের টানতে বুথে টিফিন ও নিখরচায় গাড়ি পরিষেবার ঘোষণা নির্বাচন কমিশনের

কেরলে প্রথমবার তালিকায় নাম তোলা এবং ১৮ থেকে ৩০ বছর বয়সি নবীন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে একগুচ্ছ অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার রথন ইউ কেলকার জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে তরুণ ভোটারদের বুথমুখী করতে বিশেষ ছাড় ও সুযোগ-সুবিধা দেওয়া হবে। রাজ্যে এই বয়সি ভোটারের সংখ্যা প্রায় ৫০ লক্ষ হলেও অতীতে তাঁদের উপস্থিতির হার ছিল অত্যন্ত কম, যা বৃদ্ধিতেই এই মাস্টারপ্ল্যান।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নবীন ভোটাররা ভোট দেওয়ার পর বুথেই মাত্র ১ টাকার বিনিময়ে টিফিন পাবেন, যেখানে চালের আটার রুটি ও হালুয়া পরিবেশন করা হবে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে ওলা এবং উবেরের সঙ্গে বিশেষ চুক্তি করেছে কমিশন। ভোটাররা বুথ নম্বর ও ভোটার কার্ড ব্যবহার করে রাইড বুক করলে ২ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে কোনো ভাড়া লাগবে না। এমনকি আঙুলের কালির দাগ দেখালে বিভিন্ন নামজাদা কফি হাউসে কফিতে বিশেষ ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।
কমিশনের এই উদ্যোগকে কেন্দ্র করে কেরলের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি ও কংগ্রেস এই পদক্ষেপকে ইতিবাচক মনে করলেও সিপিএম নেতৃত্বাধীন বাম জোট একে ‘অনৈতিক উপঢৌকন’ হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কেরলের তরুণ প্রজন্মের বড় অংশ কাজের সূত্রে বিদেশে থাকায় তাঁরা সচরাচর ভোট দিতে আসেন না। ফলে টিফিন বা যাতায়াত সুবিধার মতো চটকদার সিদ্ধান্ত ভোটদানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ভারতে এর আগে প্রবীণ ভোটারদের বিশেষ সুবিধা দেওয়ার নজির থাকলেও নবীনদের জন্য এমন উদ্যোগ এই প্রথম।
