কেরলে বিজেপির সঙ্গে আঁতাত! ইন্ডিয়া ব্লগের জোট ধর্ম নিয়ে কংগ্রেসকে সিপিএমের তোপ – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলে বিজেপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানাল সিপিএম পলিটব্যুরো। জোটের ন্যূনতম শিষ্টাচার লঙ্ঘন করার অভিযোগ তুলে বাম নেতৃত্ব জানায়, কেরলের মতো বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করানোর জন্য রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা ইডি-সিবিআইকে প্ররোচিত করছেন। নির্বাচনী আবহে কংগ্রেসের এই অবস্থান ‘ইন্ডিয়া’ ব্লকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
সিপিএমের দাবি, তারা বরাবরই বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির হেনস্তার নিন্দা করে এসেছে, কিন্তু কংগ্রেস এখন দ্বিচারিতা করছে। রাজ্যে রাজ্যে কেন কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়ে শীর্ষ নেতৃত্বকে আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছে পলিটব্যুরো। বাংলার পর এবার কেরলেও দুই দলের তিক্ততা চরমে পৌঁছানোয় জাতীয় স্তরের সমীকরণ জটিল হয়ে পড়েছে।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম-কংগ্রেসের এই সংঘাত বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারে। কেরলে ঐতিহ্যগতভাবে একে অপরের প্রধান প্রতিপক্ষ হলেও কেন্দ্রীয় স্তরে তাদের জোটবদ্ধ থাকার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে জোটের ধর্ম পালিত না হওয়ায় কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে সরব হয়েছে বাম শিবির।

