লেটেস্ট নিউজ

ক্যানসারমুক্ত হয়েও স্বস্তিতে নেই দীপিকা কক্কর, ফের হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। লিভার ক্যানসারের মারণ থাবার বিরুদ্ধে আপ্রাণ লড়াই চালিয়ে সুস্থ হওয়ার মাঝেই নতুন করে শারীরিক জটিলতা দেখা দিয়েছে। জানা গিয়েছে, ক্যানসারমুক্ত হলেও দীপিকার যকৃতে ১.৩ সেন্টিমিটারের একটি সিস্ট ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করায় চিকিৎসকরা সিটি স্ক্যান করার পরামর্শ দেন এবং তাতেই এই নতুন সমস্যাটি প্রকাশ্যে আসে।

দীপিকার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম এক ভিডিও বার্তায় জানান, ক্যানসারের পূর্বলক্ষণগুলোর সঙ্গে মিল থাকায় তারা কিছুটা আতঙ্কিত ছিলেন। গত জুনে দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভারের একটি টিউমার অপসারণ করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান সিস্টটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর জন্য বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আগামী মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে হবে।

এই নতুন সমস্যার কারণে দীপিকার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গিয়েছে। ওরাল কেমোথেরাপির পরিবর্তে তাঁকে ইমিউনোথেরাপি দেওয়া হতে পারে। বর্তমানে দীপিকা ও শোয়েব দুজনেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। শারীরিক যন্ত্রণার পাশাপাশি দীপিকা তাঁর বাম কাঁধেও ব্যথা অনুভব করছেন। জীবনের এই কঠিন সময়ে ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। দীপিকার অদম্য লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর অগণিত অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *