ক্ষমতা বাড়ছে ব্রহ্মসের: ৮০০ কিমি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ভারত-রাশিয়া চুক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি বাড়াতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা ও গতিবেগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে এবার হাইপারসনিক স্তরে উন্নীত করা হচ্ছে। সম্প্রতি মস্কোর সাথে নতুন চুক্তির বিষয়ে নীতিগত সায় দিয়েছে নয়াদিল্লি, যার ফলে বর্তমান ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এখন ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রমতে, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের গুরুত্ব বিবেচনা করে এই আধুনিকীকরণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রুশ সেনাবাহিনী ইতিমধ্যেই উন্নত ‘ব্রহ্মস মার্ক-২’ ব্যবহার শুরু করেছে। ভারতের স্থল, নৌ ও বায়ুসেনার জন্য এই নতুন সংস্করণ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্রহ্মসের এই শক্তিশালী ও দ্রুতগতির সংস্করণটি ভারতীয় স্থলসেনার হাতে তুলে দেওয়া হতে পারে।
এই নতুন পরিকল্পনার ফলে প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো এখন ব্রহ্মসের আওতায় আসবে। গত বছর ‘অপারেশন সিঁদুর’-এ সাফল্যের পর সশস্ত্র বাহিনীর প্রস্তাবিত পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতেই এই উৎকর্ষ বৃদ্ধি করা হচ্ছে। শব্দের চেয়ে প্রায় তিনগুণ দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্রটি প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। ডিআরডিও ও রাশিয়ার এনপিও-র এই যৌথ উদ্যোগ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করে তুলবে।

