খড়্গপুরে TMC পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। গত ১৯ ডিসেম্বর পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে পুরসভাকে শোকজ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বর্তমানে খড়্গপুর পুরসভার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য মহকুমাশাসক সুরভি সিংলাকে নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মহকুমাশাসকের কাছে এই সংক্রান্ত সরকারি চিঠি এসে পৌঁছেছে এবং তাঁকে অবিলম্বে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই কড়া সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা বিতর্কের পর খড়্গপুর পুরসভার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতেই একজন ‘প্রশাসক’ নিয়োগ করে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা হলো।

