খামেনেইকে হত্যার ছক ট্রাম্পের? ঘনীভূত হচ্ছে ইরান-মার্কিন যুদ্ধের মেঘ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পুত্র মোজতবাকে হত্যার ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানে মোল্লাতন্ত্রের অবসান ঘটাতে এই চরম পদক্ষেপের কথা ভাবছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এই বিষয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে আমেরিকা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও আব্রাহাম লিঙ্কন রণতরীসহ একাধিক মিসাইল ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাসূত্রে খবর, তারা সপ্তাহান্তেই ইরানে হামলার জন্য প্রস্তুত এবং কেবল প্রেসিডেন্টের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। পরমাণু চুক্তি নিয়ে বনিবনা না হলে যুদ্ধের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ট্রাম্প।
বর্তমানে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকলেও, অন্যদিকে সামরিক প্রস্তুতির বহর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহেই ট্রাম্প প্রশাসন কোনো বড় সিদ্ধান্ত নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আমূল পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

