খামেনেইর গোপন ডেরা ফাঁস করল কে! সময়ের আগেই কেন ইরানে হামলা চালাল ইজরায়েল – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার চরম আকার নিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুতে কার্যত থমথমে গোটা বিশ্ব। তবে এই হাই-ভোল্টেজ অভিযানের নেপথ্যে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সিআইএ (CIA) এবং ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যৌথ নজরদারিতে কীভাবে খামেনেইর শেষ মুহূর্তের অবস্থান চিহ্নিত করা হলো, তা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।
গোপন বৈঠক আর গোয়েন্দা জাল
সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় তেহরানে একটি উচ্চপর্যায়ের বৈঠক করার কথা ছিল খামেনেইর। কিন্তু আচমকাই সেই বৈঠকের সময় বদলে শনিবার সকালে আনা হয়। গোয়েন্দা সংস্থাগুলো এই সময়ের পরিবর্তনটিকেই মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগায়। মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, খামেনেইকে লুকানোর সুযোগ না দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে এই হামলা চালানো হয়েছে। গত কয়েক মাস ধরেই খামেনেইর প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছিল ইজরায়েল ও আমেরিকা।
নিখুঁত নিশানায় ধ্বংস প্রাসাদ
উপগ্রহ চিত্রে দেখা গেছে, তেহরানের যে উচ্চ-নিরাপত্তা বলয়ে খামেনেই তাঁর বিশ্বস্ত সহযোগীদের নিয়ে বৈঠকে বসেছিলেন, সেই ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় খামেনেইর পাশাপাশি ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা সচিব আলি শামখানি এবং আইআরজিসি (IRGC) কমান্ডার মহম্মদ পাকপুরও নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল। এমনকি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইর কন্যা, জামাতা এবং নাতনিও।
পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
এই ঘটনার পরেই ফুঁসে উঠেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। খামেনেইর মৃত্যুর বদলা নিতে ইজরায়েল ও আমেরিকার ওপর ইতিহাসের ভয়াবহতম হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইতিম্যধেই তেহরান থেকে তেল আভিভসহ কাতার, বাহরিন এবং সৌদি আরবের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

