খামেনেইর ডেরায় ইজরায়েল-আমেরিকার দুঃসাহসিক অপারেশন ‘সিংহগর্জন’, খতম শীর্ষ ইরানি কমান্ডার মহম্মদ পাকপৌর – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরানে খামেনেইর দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কপের (আইআরজিসি) প্রভাবশালী কমান্ডার মহম্মদ পাকপৌর। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খামেনেইর দপ্তরের একাংশ। প্রাণভয়ে ৮৬ বছর বয়সি আয়াতুল্লা আলি খামেনেইকে ইতিমধ্যেই গোপন বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অপারেশন ‘সিংহগর্জনে’র প্রভাবে কাঁপছে গোটা ইরান। ইজরায়েলি সেনার দাবি, এই অভিযানে পাকপৌর ছাড়াও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক আধিকারিক নিহত হয়েছেন। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। পাল্টা জবাবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীতে হামলা চালিয়েছে ইরান, যাতে দোহায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি জটিল হওয়ায় কাতার এয়ারওয়েজসহ এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বিমানসংস্থাগুলো ওই অঞ্চলে পরিষেবা স্থগিত করেছে। প্রতিবেশী দেশগুলো একে একে তাদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। একদিকে খামেনেইর ঘনিষ্ঠ কমান্ডারের মৃত্যু, অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানি— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা।

