লেটেস্ট নিউজ

খামেনেইর মুখোমুখি হতে প্রস্তুত ট্রাম্প! জেনেভা বৈঠকের আগে মার্ক রুবিওর বড় বার্তায় তোলপাড় বিশ্ব রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক অভাবনীয় মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্ক রুবিও। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও স্পষ্ট করেছেন যে, তেহরান যদি পরমাণু অচলাবস্থা নিরসনে আন্তরিক হয়, তবে ট্রাম্প সরাসরি আলোচনায় বসতে কোনো দ্বিধা করবেন না।

ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনার সূত্র ধরেই এই নতুন কূটনৈতিক তৎপরতা। জানা গেছে, আসন্ন জেনেভা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিনিয়র অ্যাডভাইজার জ্যারেড কুশনার। ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা।

প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি বজায় রেখেছেন। এমনকি সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে তার ফল হবে অত্যন্ত ‘বেদনাদায়ক’। তবে মার্ক রুবিও জোর দিয়ে বলেন, ট্রাম্প মূলত আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চান। সরাসরি বৈঠককে তিনি কোনো ছাড় হিসেবে নয়, বরং বিশ্বজুড়ে সংকট সমাধানের একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখছেন।

কূটনীতির দরজা খোলা রাখলেও সামরিক শক্তির জানান দিতেও ভোলেনি হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। রুবিও স্পষ্ট বার্তায় জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এখন দেখার বিষয়, জেনেভা বৈঠকের পর আয়াতুল্লাহ খামেনেই ট্রাম্পের এই নজিরবিহীন আলোচনার প্রস্তাবে সাড়া দেন কি না। এই হাই-ভোল্টেজ কূটনৈতিক লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *