খামেনেইর মৃত্যুতে খুশিতে আত্মহারা সেই প্রতিবাদী তরুণী, কবরের ওপর নাচার হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুতে এক সময়ের সেই আলোচিত তরুণী মর্টিসিয়া অ্যাডামস ফের লাইমলাইটে চলে এসেছেন। কয়েক মাস আগে খামেনেইর ছবিতে আগুন ধরিয়ে সেই শিখা থেকে সিগারেট ধরানোর ভিডিও পোস্ট করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন এই ইরানি শরণার্থী। এবার খামেনেইর পতনের পর সরাসরি তাঁর কবরের ওপর নাচার ঘোষণা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
নিরাপত্তার খাতিরে ছদ্মনাম ব্যবহার করা মর্টিসিয়া বর্তমানে কানাডার টরন্টোতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ইরানে থাকাকালীন হিজাব বিরোধী আন্দোলনে শামিল হওয়ায় অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে। খামেনেইর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কানাডায় ইরান-বিরোধী এক বিশাল সমাবেশে উল্লাস করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “বলেছিলাম তো ওর কবরের ওপর নাচব?” এখানেই থেমে থাকেননি তিনি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে খামেনেইর মৃত্যুকে ‘ইঁদুরের মতো মৃত্যু’ বলেও কটাক্ষ করেছেন।
উল্লেখ্য, ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে খামেনেইসহ ইরানের শীর্ষ স্তরের ৪৮ জন নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। অপারেশন ‘সিংহগর্জন’ প্রায় শেষের পথে এবং পরবর্তী শাসক হিসেবে নির্বাসিত যুবরাজ রেজা পহলভির নাম উঠে আসছে। এই ডামাডোলের মধ্যেই মর্টিসিয়ার এমন চরমপন্থী প্রতিবাদ ইরানের বর্তমান পরিস্থিতিকে আরও তপ্ত করে তুলেছে।

