খামেনেই হত্যার প্রতিবাদে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে রাষ্ট্রসংঘ ঘেরাও করে বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর খবরে এবার রণক্ষেত্রের রূপ নিল কাশ্মীর উপত্যকা। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে রবিবার শ্রীনগরে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর সদর দফতর ঘেরাও করেন হাজার হাজার উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি শ্রীনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজও।
গত শনিবার রাতে তেহরানসহ ইরানের একাধিক অংশে ভয়াবহ বিমান হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। এই প্রাণঘাতী হামলায় খামেনেইয়ের পাশাপাশি প্রাণ হারিয়েছেন তাঁর বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক এবং শতাধিক সাধারণ মানুষ, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে খবর। এই ঘটনার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম দেশগুলোর একাংশ সরব হয়েছে। সেই প্রতিবাদের আঁচ এবার এসে পড়ল ভারতের কাশ্মীর ভূখণ্ডে।
রবিবার সকাল থেকেই শ্রীনগরের রাস্তায় নেমে আসেন কাতারে কাতারে মানুষ। হাতে খামেনেইয়ের ছবি নিয়ে আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগানে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। উত্তজনা এতটাই ছড়ায় যে জনতা রাষ্ট্রসংঘের দফতর লক্ষ্য করে এগোতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসন তৎক্ষণাৎ ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাধারণ মানুষকে কোনো ধরনের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন এবং উপত্যকায় শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। খামেনেই হত্যার পাল্টা জবাব দিতে ইরানও আমেরিকা ও ইজরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে এই অভিযান আগামী ৪-৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ফলে বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে কাশ্মীরের রাজপথে।

