খুচরো সঙ্কটের দিন শেষ এবার এটিএম থেকেই মিলবে ১০ ২০ ও ৫০ টাকার নোট – এবেলা
এবেলা ডেস্কঃ
এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আর খুচরো সমস্যার মুখে পড়তে হবে না সাধারণ মানুষকে। এবার সরাসরি এটিএম মেশিন থেকেই মিলবে ১০, ২০ এবং ৫০ টাকার নোট। ডিজিটাল লেনদেন বাড়ার ফলে দেশজুড়ে তৈরি হওয়া খুচরো আকাল মেটাতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
সাধারণত এটিএম থেকে ৫০০ বা ১০০ টাকার নোট পাওয়া গেলেও ছোট অঙ্কের নোটের অভাব সবসময়ই থেকে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, দেশে ১০, ২০ ও ৫০ টাকার নোটের পর্যাপ্ত জোগান রয়েছে। তবে বর্তমান এটিএম মেশিনগুলি ছোট নোট দেওয়ার উপযোগী করে তৈরি নয়।
এই প্রযুক্তিগত বাধা কাটাতে ইতিমধ্যেই একটি পাইলট প্রোজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে এমন নতুন মেশিন পরীক্ষা করা হচ্ছে যা অনায়াসেই ছোট অঙ্কের নোট সরবরাহ করতে পারবে। এর ফলে গ্রাহকরা এটিএম থেকেই সরাসরি খুচরো টাকা হাতে পাবেন।
রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে বাজারে ৪৩৯.৪ কোটি ১০ টাকার নোট, ১৯৩.৭ কোটি ২০ টাকার নোট এবং ১৩০.৩ কোটি ৫০ টাকার নোট ছাড়া হয়েছে। গ্রাহকদের চাহিদা ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে রিজার্ভ ব্যাঙ্ক এই নোট সরবরাহের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগ সফল হলে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজতর হবে বলে মনে করা হচ্ছে।

