খুচরো সমস্যার ইতি! এবার ATM দিলেই বেরোবে ১০-২০-৫০ টাকার নোট – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: সাধারণ মানুষের খুচরো টাকার দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বাজারে আসতে চলেছে বিশেষ ধরনের ‘হাইব্রিড এটিএম’। এই মেশিন থেকে এখন খুব সহজেই ১০, ২০ এবং ৫০ টাকার নোট তুলতে পারবেন গ্রাহকরা।
কী এই হাইব্রিড এটিএম?
এই নতুন প্রজন্মের এটিএমে থাকবে দ্বিমুখী সুবিধা। এখান থেকে যেমন ছোট নোট তোলা যাবে, তেমনই বড় নোট দিয়ে তা খুচরো করে নেওয়ার অপশনও থাকবে। অর্থাৎ, আপনার কাছে থাকা ৫০০ বা ২০০ টাকার নোট এই মেশিনে জমা দিলে সেটি ভেঙে ছোট নোটে ফেরত দেবে যন্ত্রটি।
কেন এই সিদ্ধান্ত?
আরবিআই জানাচ্ছে, বর্তমানে বাজারে ৫০০ টাকার নোটের আধিক্য থাকলেও ছোট নোটের জোগান তুলনামূলক কম। ফলে বাস ভাড়া, অটো বা ছোট দোকানে কেনাকাটার সময় খুচরো নিয়ে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দূর করতেই হাইব্রিড এটিএম আনার পরিকল্পনা করা হয়েছে।
কবে মিলবে এই সুবিধা?
সূত্রের খবর, মুম্বইয়ে ইতিমধ্যেই এই প্রকল্পের পাইলট রান বা পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সেখানে সাফল্য মিললে দ্রুত দেশের বড় বড় শহর ও জনবহুল এলাকা যেমন— রেলস্টেশন ও বাসস্ট্যান্ডের আশেপাশে এই মেশিন বসানো হবে। বিশেষজ্ঞ মহলের মতে, এই ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের প্রতিদিনের খুচরো টাকার অভাব চিরতরে মিটে যাবে।

