লেটেস্ট নিউজ

খুন ও ‘লাভ জেহাদ’ বিতর্কে বিস্ফোরক মহাকুম্ভের সেই ‘ভাইরাল গার্ল’ মোনালিসা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫ সালের মহাকুম্ভের মাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে এবার নিজের বিয়ে নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। পরিবারের অমতে মুসলিম প্রেমিক ফরমান খানকে বিয়ে করার পর থেকেই তাঁদের ঘিরে শুরু হয়েছে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ। বর্তমানে এই নবদম্পতি প্রকাশ্যেই খুনের হুমকি পাচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেছেন মোনালিসা। নিরাপত্তার খাতিরে তাঁরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইমেল পাঠিয়েছেন।

সম্প্রতি তিরুবনন্তপুরমের একটি মন্দিরে হিন্দু রীতি মেনেই ফরমান ও মোনালিসার বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আয়োজিত এই অনুষ্ঠানে কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে বিয়ের খবর জানাজানি হতেই মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে এটিকে ‘লাভ জেহাদ’ হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেছেন যে, ফরমান প্রতারণা করে তাঁর মেয়েকে ফাঁদে ফেলেছেন। মেয়ের নিরাপত্তার জন্য তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন।

অন্যদিকে, বিয়ের পর থেকেই ‘লাভ জেহাদ’-এর তত্ত্ব সরাসরি অস্বীকার করেছেন মোনালিসা ও ফরমান। মোনালিসার মতে, তাঁরা স্বেচ্ছায় একে অপরকে বেছে নিয়েছেন, কিন্তু এখন তাঁদের জীবন বিপন্ন। নিজের ও স্বামীর সুরক্ষার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়ে তিনি একটি ভিডিও বার্তা ও চিঠি প্রকাশ করেছেন। বর্তমানে মহাকুম্ভের এই বিড়ালাক্ষী মালাপসারিণীর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আইনি ও সামাজিক চাপ ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *