লেটেস্ট নিউজ

গণতন্ত্রের মন্দিরকে আসাম্মান করছেন রাহুল, গুয়াহাটির জনসভা থেকে তীব্র আক্রমণ শাহের – এবেলা

এবেলা ডেস্কঃ

সংসদ ভবনের মর্যাদাহানি করার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার আসামের গুয়াহাটিতে এক জনসভায় শাহ দাবি করেন, রাহুল গান্ধী সংসদের দরজার সিঁড়িতে বসে চা-পকোড়া খেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অমর্যাদা করছেন। তাঁর মতে, রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে গঠনমূলক বিতর্কে অংশ না নিয়ে বরং সংসদ চত্বরে প্রতিবাদের নামে ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে ক্ষুণ্ণ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী বা বিজেপির বিরোধিতা করতে গিয়ে এখন দেশেরই বিরোধিতা শুরু করেছেন। তিনি সংসদে আলোচনায় অংশ না নিয়ে বারবার পালিয়ে যান বলে কটাক্ষ করেন শাহ। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এআই সম্মেলনে কংগ্রেস কর্মীদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের আচরণ দেশের জন্য লজ্জাজনক। বিশ্ব যখন ভারতের শক্তি দেখছে, তখন কংগ্রেসের এই কর্মকাণ্ড সাধারণ মানুষ মেনে নেবে না।

প্রতিবাদীদের ‘বব্বর শের’ বলে অভিহিত করায় রাহুলের কঠোর সমালোচনা করেন অমিত শাহ। তিনি জানান, রাহুল এই নিন্দনীয় ঘটনার জন্য ক্ষমা না চেয়ে বরং উসকানি দিচ্ছেন। শাহের স্পষ্ট বার্তা, সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও দেশের সম্মান নিয়ে আপস করা অনুচিত। সংসদের মতো পবিত্র স্থানের গুরুত্ব বজায় না রেখে রাহুল গান্ধী ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *