গনিখানের গড়ে জনজোয়ারে ভাসলেন মৌসম, ভুল স্বীকার করে কংগ্রেসে ফিরলেন ঘরের মেয়ে – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার পর মালদায় পা রাখতেই বিপুল জনজোয়ারে ভাসলেন প্রাক্তন সাংসদ মৌসম নূর। মালদা টাউন স্টেশনে তাঁকে স্বাগত জানাতে হাজির হন জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী। সংবর্ধনা মঞ্চে আবেগাপ্লুত মৌসম স্বীকার করেন যে, দল ছাড়া তাঁর ভুল ছিল। গনিখান চৌধুরীর পরিবারের এই পুনর্মিলন এবং কোতুয়ালি ভবনের এক হওয়া জেলা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।
মৌসমের প্রত্যাবর্তনকে কংগ্রেসের জন্য ‘অক্সিজেন’ হিসেবে দেখছেন কর্মীরা। আগামী দিনে মালদায় কংগ্রেসকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি। তবে তৃণমূল নেতৃত্ব এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী একে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন। এদিকে মৌসম সাফ জানিয়েছেন, প্রার্থী পদ নয়, বরং পুরনো দলে ফিরে মানুষের জন্য কাজ করাই এখন তাঁর মূল লক্ষ্য।

