গালাগালি না শুনলে মনই ভালো থাকে না! ট্রোলারদের চরম উপহাস রূপঙ্করের – এবেলা
এবেলা ডেস্কঃ
কেকে-র মৃত্যুর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আজও নেটদুনিয়ার একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় গায়ক রূপঙ্কর বাগচীকে। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা পোস্ট করলেই ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। তবে এবার সেই ট্রোলারদেরই কড়া অথচ উপহাসের সুরে জবাব দিলেন শিল্পী।
সম্প্রতি ‘সঙ্গে সঙ্গীতা’ পডকাস্টে উপস্থিত হয়ে নিজের মনের কথা জানান রূপঙ্কর। ট্রোলিং প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও মাঝেমধ্যে গালাগালি খাই। বরং গালাগাল না খেলেই মন খারাপ হয়। মনে হয়, কেউ একটাও গালি দিল না! তাহলে কী পোস্ট করলাম?”
উপহাসের ছলে ট্রোলারদের উদ্দেশ্যে গায়কের বার্তা, “আপনাদের আশাতেই আমি বসে থাকি। দয়া করে আমাকে গালাগালি করবেন। দু-তিনটে খিস্তি না শুনলে আমারও মন ভালো থাকে না। আমি অপেক্ষা করে থাকি আপনারা কখন গালি দেবেন।” তিনি আরও যোগ করেন, একটানা ভালো মন্তব্য দেখতে তাঁর একঘেয়ে লাগে। যখনই কোনও নেতিবাচক মন্তব্য বা গালি দেখেন, তখনই তাঁর মনে হয় যে তিনি বেঁচে আছেন।
যদিও রূপঙ্কর এই সমস্ত কথাই মজার ছলে বলেছেন, তবে তাঁর এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার যে লাগাতার কটাক্ষের শিকার হতে হতে এখন তিনি এতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন। বর্তমানে বেশিরভাগ তারকাই নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করতেই পছন্দ করেন, রূপঙ্করও যেন সেই পথেই হাঁটলেন।

