লেটেস্ট নিউজ

গিরিশপার্কে বিজেপি মিছিলে হামলা ও রাজনৈতিক সংঘাত, কাঠগড়ায় শাসকদল – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ব্রিগেড জনসভাকে কেন্দ্র করে উত্তর কলকাতার গিরিশপার্ক এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের মিছিলে হামলা চালানো হয়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তৃণমূলের দাবি, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে। পাল্টা অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন, বিজেপির সভা বানচাল করতেই তৃণমূল এই হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ, শশী পাঁজা নিজের অনুগত কাউন্সিলরদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর আহত কর্মীদের দেখতে যান বিজেপি নেতৃত্ব এবং পুলিশের ভূমিকা নিয়ে সরব হন।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী এই হিংসার কড়া সমালোচনা করেছেন। তাঁদের দাবি, শুধু গিরিশপার্ক নয়, জগদ্দল-সহ রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত আক্রমণ হয়েছে। অন্যদিকে, শশী পাঁজা একে ‘খুনের চেষ্টা’ আখ্যা দিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা কলকাতার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *