লেটেস্ট নিউজ

গিরিশ পার্ক কাণ্ড: শশী পাঁজার বাড়িতে হামলায় অভিযুক্ত ৯ জনের অন্তর্বর্তী জামিন – এবেলা

এবেলা ডেস্কঃ

গিরিশ পার্কে অশান্তি এবং তৃণমূল নেত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় ধৃত ৯ জন অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার মামলার শুনানি চলাকালীন সরকারি কৌঁসুলি তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছিলেন। তবে দীর্ঘ বাদানুবাদ শেষে বিচারক সেই আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ জুলাই ধার্য করা হয়েছে।

আদালতে সরকার পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙচুর ও সরকারি কাজে বাধার মতো গুরুতর অভিযোগ আনলেও আসামী পক্ষের আইনজীবীরা তা খণ্ডন করেন। ধৃতদের আইনজীবীদের দাবি, পুলিশ ভিত্তিহীনভাবে কঠোর ধারা প্রয়োগ করেছে এবং তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই। এমনকি আহতদের মেডিকেল রিপোর্ট নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। দু’পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর আদালত অভিযুক্তদের মুক্তির পক্ষে রায় দেয়।

আদালতের এই রায়ের পর অভিযুক্তদের পরিবার ও পরিজনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। উল্লেখ্য, এই স্পর্শকাতর মামলাকে কেন্দ্র করে এদিন ব্যাঙ্কশাল আদালত চত্বরে কড়া নিরাপত্তা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশি চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট এবং অস্ত্র দিয়ে আঘাত করার মতো একাধিক ধারায় মামলা দায়ের করা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *