গুগলের বড় পদক্ষেপ: প্লে স্টোর থেকে সরল ১৭.৫ লক্ষ ভুয়ো অ্যাপ, নিষিদ্ধ ৮০ হাজার ডেভেলপার – এবেলা
এবেলা ডেস্কঃ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্লে স্টোরের নীতিমালা লঙ্ঘন করায় ১৭.৫ লক্ষেরও বেশি ক্ষতিকর ও ভুয়ো অ্যাপ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলো ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন এবং আর্থিক জালিয়াতির মতো গুরুতর ঝুঁকি তৈরি করছিল।
গুগল কেবল অ্যাপ সরাতেই ক্ষান্ত হয়নি, বরং নিয়ম ভাঙার দায়ে প্রায় ৮০ হাজার ডেভেলপারের অ্যাকাউন্টও স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। গুগল প্লে প্রোটেক্টের উন্নত এআই (AI) সিস্টেমের মাধ্যমে এই ক্ষতিকর অ্যাপগুলো শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অ্যাপ সাধারণ ব্যবহারকারীদের ফোনে পৌঁছানোর আগেই ব্লক করা সম্ভব হয়েছে বলে কো ম্পা নিটি জানিয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুগল প্রায় ১৬ কোটি ভুয়ো রেটিং ও রিভিউ মুছে ফেলেছে। এআই টুলের সাহায্যে ২,৫৫,০০০ অ্যাপকে সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা থেকে বিরত রাখা হয়েছে। ২০২৫ সালে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার মুক্ত রাখতে এবং আর্থিক জালিয়াতি রুখতে নিরন্তর নজরদারি চালাচ্ছে টেক জায়ান্টটি।

