লেটেস্ট নিউজ

গুগল এআই-এর ভুল চিকিৎসা তথ্যে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা – এবেলা

এবেলা ডেস্কঃ

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সামারির প্রদান করা ভুল স্বাস্থ্য তথ্যে জনমনে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লিভার ফাংশন টেস্টের মতো গুরুতর বিষয়েও গুগল এআই ভুল তথ্য দিচ্ছে। যকৃতের সংক্রমণ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে রিপোর্টকে ‘স্বাভাবিক’ বলে দাবি করছে এই প্রযুক্তি, যা রোগীর জন্য প্রাণঘাতী হতে পারে। এছাড়া নির্ভরযোগ্য মেডিক্যাল ওয়েবসাইটের পরিবর্তে ইউটিউব ভিডিও থেকে তথ্য সংগ্রহ করার প্রবণতাও দেখা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে প্রায় ৫০ হাজার সার্চের মধ্যে মাত্র ৩৪.৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করেছে গুগল এআই। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের বদলে ভিডিওর অনির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি মানুষ গুগল ব্যবহার করায় এই ধরনের বিভ্রান্তিকর তথ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই ‘ডক্টর গুগল’-এর ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে সতর্ক করে আসছেন।

বর্তমানে ব্যবহারকারীরা বিস্তারিত সার্চ রেজাল্ট না দেখে সরাসরি এআই সামারির ওপর ভরসা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সীমাবদ্ধতা সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। সঠিক চিকিৎসার পরিবর্তে ভুল তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে বড় ধরনের শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এআই-এর ওপর অন্ধবিশ্বাস না রেখে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *