গুগল সিইও সুন্দর পিচাইকে ব্যাটিংয়ের পাঠ দিলেন শুভমান গিল
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার হতাশাকে সঙ্গী করেই বর্তমানে ক্রিকেটের বাইরে সময় কাটাচ্ছেন শুভমান গিল। সম্প্রতি গুরুগ্রামে গুগলের প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় এই তারকা ব্যাটার। সেখানে উপস্থিত ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই, যিনি বরাবরই ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে সুন্দর পিচাই গিলের কাছে নিখুঁত ‘পুল শট’ খেলার কৌশল জানতে চান। শুভমানও দেরি না করে হাতে ব্যাট তুলে নিয়ে প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি পিচাইকে বুঝিয়ে বলেন যে, পুল শট খেলার সময় হাত প্রসারিত রাখা এবং টাইমিং কতটা জরুরি। চাপের মুখে কবজির মোচড়ে কীভাবে শটে শক্তি যোগাতে হয়, তার ব্যবহারিক পাঠও দেন গিল।
গিলের সঙ্গে এই সাক্ষাতে উচ্ছ্বসিত সুন্দর পিচাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগার কথা জানান। আইআইটি খড়গপুরের এই প্রাক্তনী জানান, বিশ্বের যেখানেই যান না কেন, গুগল কর্মীদের সঙ্গে সময় কাটানো তার পছন্দের, আর শুভমানের উপস্থিতি সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সৌজন্য বিনিময়ের পর শুভমান এখন গুজরাট টাইটানসের হয়ে আইপিএলে নজর কাড়তে মরিয়া।

